চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর মো. বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৭ (এসআরবি-৭)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চারিয়া নয়াহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শহীদুল্লাহ হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে গত ৫ জুলাই হাটহাজারী থানায় দায়ের করা বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার (মামলা নং-০৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এজাহারনামীয় পলাতক আসামি শহীদুল্লাহ চারিয়া নয়াহাট বাজার এলাকায় অবস্থান করছেন। উক্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার ও এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

