শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে, যার তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এটি একটি যুগান্তকারী কর্মসূচি, যা ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়া খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

