বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

- Advertisement -

তবে তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত না থাকার কারণে ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানা-র উপপরিদর্শক ফেরদৌস জামান।

অভিযোগপত্রভুক্তদের মধ্যে আরও রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় চলমান আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। বিকেল পৌনে ৩টার দিকে ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আশিক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে একই বছরের ২৮ সেপ্টেম্বর আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানা-এ মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সারাদেশে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমন করতে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের নির্দেশনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওই হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগপত্র বিষয়ে বাদী আশিকের প্রতিক্রিয়া জানা যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও