চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করতে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না—নগরবাসীকেও সচেতন হতে হবে।
সোমবার (৪ মে) সকালে বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “মানুষ যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবার ভরাট হবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
দিনের শুরুতে মেয়র বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন সড়ক পরিদর্শন করেন। সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি।
পরে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চলমান খাল সংস্কারকাজ পরিদর্শন করেন এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করা বাঁধ অপসারণের নির্দেশ দেন। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশনা দেন মেয়র।
এরপর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ফরিদার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালা-খাল পরিষ্কার কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
চসিক সূত্র জানায়, বর্ষা মৌসুম সামনে রেখে নগরের বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম চলছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ খালপাড় ও নালার পাশে বাঁশের বেড়া দেওয়ার কাজও চলছে।
মেয়র বলেন, “নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।”

