রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদের আশ্রয় হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিবাদের আশ্রয়স্থলে পরিণত হতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর হোটেল শেরাটন-এ ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দেওয়া হবে, তবে সেই স্বাধীনতা এমন হবে না যাতে অতীতের মতো কোনো জঙ্গি হামলার পুনরাবৃত্তি ঘটে। তিনি স্পষ্ট করে বলেন, “কিছুতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিদের কারখানা হতে দেওয়া হবে না।”

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া-র সময়ে প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ভিত্তিতে এ খাতের যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে এর সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ২০১০ ও ২০২৫ সালেও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ক্রস-বর্ডার শিক্ষার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়ে আরও স্বচ্ছতা ও বোঝাপড়ার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেকসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সর্বশেষ

এই বিভাগের আরও