রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দুই যুগ আগের সোয়া কোটি টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত

- Advertisement -

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ অভিযোগ গঠনের এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি ইশতিয়াক হোসেন জানান, মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার অপর দুই আসামি হলেন— মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দেন। অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

এদিন অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে বিচার শুরুর আবেদন করা হয়। অন্যদিকে জামিনে থাকা আসামির পক্ষে অব্যাহতির আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠনের আদেশ দেন।

একই সঙ্গে তোফায়েল আহমেদের মানসিক পরীক্ষার আবেদন নথিভুক্ত করেছে আদালত। তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার মঙ্গলবার এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্ট্রোকের কারণে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং তিনি আদালতে হাজির হয়ে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার মতো শারীরিক ও মানসিক সক্ষমতায় নেই।

এ বিষয়ে দুদকের কৌঁসুলি বলেন, আদালত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন উপস্থাপনের নির্দেশ দিয়েছেন এবং মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করতে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলার বিচারকাজ আবার শুরু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও