কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ রহস্যময় এক আলোর ঝলক দেখা গেছে, যা মাত্র এক মিনিট স্থায়ী ছিল। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে লাবনী পয়েন্টের বালিয়াড়ি থেকে এই দৃশ্য দেখতে পান পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা। ঘটনাটি মুহূর্তেই কৌতূহল ও আলোচনা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সৈকতে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় হঠাৎ আকাশে ভিন্ন ধরনের উজ্জ্বল আলো দেখতে পান তারা। পরে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করা হয়।
স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক বলেন, “আমরা ছয়জন বন্ধু সৈকতে বসে ছিলাম। হঠাৎ আকাশে অদ্ভুত আলো দেখতে পাই, যা দ্রুত মোবাইলে ধারণ করি। আলোটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল, তবে এটি কী ছিল তা বুঝতে পারিনি।”
অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে লেখেন, “ঠিক ইরানি মিসাইলের মতো… কক্সবাজার সমুদ্রসৈকত থেকে আমিও দেখলাম।”
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “এটি আবহাওয়ার কোনো বিষয় নয়। অনেকে ধারণা করছেন, এটি দূরপাল্লার মিসাইল পরীক্ষার আলোর ঝলক হতে পারে, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে চলছে নানা আলোচনা-জল্পনা।

