ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পান মো. ইসরাফিল রতন।
নিজের পোস্টে মোনামি লেখেন, শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। তবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আগ্রহ থেকেই তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের আহ্বানে দায়িত্বটি গ্রহণ করেন। একজন জুনিয়র শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা।
সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে মোনামি বলেন, কঠিন ও উত্তপ্ত পরিস্থিতিতে ধৈর্য, সংযম এবং মানবিকতা বজায় রেখে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, তা তিনি তার কাছ থেকেই শিখেছেন।
পোস্টে তিনি আরও লেখেন, গত দুই বছরে প্রক্টরিয়াল টিম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জুলাই আন্দোলন ও পরবর্তী পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
সবশেষে নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে দায়িত্ব পালনে সফলতা কামনা করেন তিনি।

