বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কমেনি নিত্যপণ্যের চাপ, চড়া দামে বিক্রি হচ্ছে সবজি-ডিম-মাছ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বাজারে এখনো স্বস্তি ফেরেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। বিশেষ করে সবজি, ডিম, মাছ ও ভোজ্যতেলের বাজারে বাড়তি দামের চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

- Advertisement -

শুক্রবার (১৫ মে) নগরের কাজীর দেউড়ি, বহদ্দারহাট, কর্ণফুলী মার্কেট ও চকবাজার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই চড়া। সাধারণত কম দামের সবজি হিসেবে পরিচিত পেঁপেও এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায়।

বাজারে প্রতি কেজি বেগুন ৭০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, কচুমুখী ৮০ থেকে ৯০ টাকা এবং চিচিঙ্গা, ঝিঙা ও ধুন্দুল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটোল ও ঢ্যাঁড়শ ৫০ থেকে ৭০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা এবং শশা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এ পণ্যটি। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও মৌসুমি উৎপাদন কম থাকায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে।

নগরের বহদ্দারহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি কম আসছে। বৃষ্টির কারণে পরিবহনেও সমস্যা হচ্ছে। ফলে দাম বাড়তি।

এদিকে পেঁয়াজের বাজারেও অস্থিরতা দেখা গেছে। ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। তবে হাইব্রিড পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি দরে।

সবজির উচ্চমূল্যের প্রভাব পড়েছে ডিমের বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে বাদামি ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায়।

মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও দাম কমেনি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। মাঝারি মানের চাল প্রতি কেজি ৬০ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ থেকে ১৯৫ টাকা এবং পাম অয়েল ১৭৮ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সরকার নির্ধারিত দাম এর চেয়ে কম।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও