চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা শেষে মিছিল ও স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা মহিউদ্দিনসহ বিভিন্ন বয়সী ১৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ মে) জানাজা শেষে একদল নেতাকর্মী জামিয়তুল ফালাহ মসজিদের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলেও দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পুলিশ জানায়, অভিযুক্তরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং কোতোয়ালী থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

