বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেডিক্যাল অক্সিজেনের নামে শিল্প গ্যাস বিক্রি, চট্টগ্রামে জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ

স্টাফ রিপোর্টার

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আকবর শাহর লেকসিটি রোড এলাকায় অবস্থিত ‘এস বি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের গ্যাস মেডিক্যাল অক্সিজেন হিসেবে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

একই এলাকায় সেবা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হালিশহর এলাকার হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে মেডিক্যাল টেস্ট করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আরাফাত কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ সহযোগিতা করেন।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও