বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

টানা তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে, গত ২০ মে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।

সর্বশেষ

এই বিভাগের আরও