দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভালো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এবার কোরবানির পশুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে। তিনি বলেন, “রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, বিদেশেও তা হয় না। তবে সরকার এ বিষয়ে তৎপর কি না, সেটাই গুরুত্বপূর্ণ।”
তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশংসা করেন। রিজভীর ভাষ্য, বিকেলের মধ্যেই বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, যা অতীতে দেখা যায়নি। এতে বোঝা যায় সরকার বিষয়গুলো দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি রামিসা নামে এক শিশুকে নির্যাতনের পর হত্যার ঘটনায়ও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন।
বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সরকারের ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা যেতে পারে, তবে ষড়যন্ত্র বা চক্রান্তের রাজনীতি জনগণ ভালোভাবে নেয় না। এসময় তিনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির কথাও জানান রিজভী। তিনি বলেন, শনিবার (৩০ মে) সকাল ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

