বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘সংবাদ প্রকাশে কোনো চাপ দিইনি, দেবও না’

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কোনো সংবাদ প্রকাশে সরকার হস্তক্ষেপ করবে না এবং গণমাধ্যম তার নিজস্ব গতিতেই চলবে।

- Advertisement -

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, ভয়ভীতি ও চাপ প্রয়োগের ঘটনা ঘটলেও বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। বরং সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠা বজায় রাখতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। তাই যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে।

সাংবাদিকদের আবাসন, বেতন-বকেয়া ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, সম্পাদক পরিষদের উত্থাপিত বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সংবাদকর্মীদের নিয়মিত বেতন নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যৌক্তিক সমালোচনা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করে এবং তা রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক, পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে দুই প্রতিমন্ত্রী ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও