বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি, সমাধান চায় চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও।

- Advertisement -

সোমবার (৮ জুন) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পাশাপাশি সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৬ তারিখের এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি-২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এর আগে ৩ জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। পরে ৪ ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ৭ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। অন্যথায় দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও