রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রায় ১১ হাজার কোটি টাকার পানি প্রকল্পে সন্তোষ প্রকাশ মির্জা ফখরুলের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

সোমবার (৮ জুন) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন পরিবেশবান্ধব পানি সরবরাহ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, মেঘনা নদী থেকে পানি সংগ্রহ করে শোধনের মাধ্যমে রাজধানীতে সরবরাহ করা হবে। একই ধরনের আরও একটি প্রকল্প বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ৫০ কোটি লিটার পানি সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। ফলে রাজধানীর দীর্ঘমেয়াদি পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব প্রকল্প।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহর ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল থাকায় পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে পানি সরবরাহ নিশ্চিত করতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। বর্তমানে এর ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হবে। ফলে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।

পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ

এই বিভাগের আরও