শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন বিমান হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বাহরাইনের একটি এবং কুয়েতের দুটি বিমানঘাঁটিসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

হামলার পর কুয়েতজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেনাবাহিনীর বরাতে জানায়, আকাশসীমায় প্রবেশ করা একাধিক শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করতে প্রতিরক্ষা বাহিনী অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানায়, দেশজুড়ে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে দাবি তেহরানের।

তবে হামলার ঘটনায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও