বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলাই পারে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর প্রাথমিক ও উচ্চবিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার প্রসার অপরিহার্য।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলাকে আরও বেশি উৎসাহিত করতে হবে। জেলা পুলিশ ভবিষ্যতেও শিক্ষার্থী-বান্ধব ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করতে সহায়তা করে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ম্যাচে অংশ নেওয়া শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে মাঠে নামলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সীতাকুণ্ড থানার কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও