বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুতি—অভিযোগ ব্যাংক কর্মীদের, রাস্তায় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

- Advertisement -

সোমবার (২২ জুন) সকালে নগরের কোতোয়ালি এলাকায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরে সকাল ১০টা থেকে তারা কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রভাবশালী একটি গোষ্ঠীর প্রভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ব্যাপক হারে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানি চালানো হয়। তাদের দাবি, সম্প্রতি ব্যাংকিং খাতে অস্বাভাবিকভাবে আরও কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হচ্ছে, ফলে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আন্দোলনকারীরা ১০ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—চাকরিচ্যুত সব কর্মকর্তা-কর্মচারীকে পূর্বের সুযোগ-সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা; দক্ষ ও পেশাদারদের নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন; এবং ব্যাংকিং খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করা।

এছাড়া ব্যাংকে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, রাজনৈতিকভাবে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, গ্রাহকদের মধ্যে কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করা কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবদুর রহিম বলেন, কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা পুনর্বহালসহ প্রাপ্য সব সুবিধা ফেরত চান বলে জানান।

আরেক কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হারানো চাকরি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে যান চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

সর্বশেষ

এই বিভাগের আরও