চট্টগ্রাম বন্দর সংরক্ষিত এলাকার বাইরে স্টেডিয়ামসংলগ্ন কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের বিস্তার রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও দ্রুত ঘটনাস্থলে যোগ দেয়।
সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

