বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, ছয়জনের বিরুদ্ধে জিডি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য ও ‘অপপ্রচারের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য মিল্লাত হোসেন এ অভিযোগ দায়ের করেন। পরে শাহবাগ থানা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আশরাফ আলীকে।

জিডিতে নাম থাকা অন্যরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

অভিযোগ দায়েরের সময় ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াস এবং কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা ও তুহিন ফরাজী উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে থাকা সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।

উপস্থাপিকা সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করেছেন।

এ ছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মারিয়া কিসপট্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টির বিরুদ্ধে জুলাই আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার মাজিবুল আলম জানান, যেহেতু অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার কার্যক্রম সংশ্লিষ্ট, তাই তদন্তকারী কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও