চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুহাম্মদ আজম (৪৮) নামে এক দরজিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম নিজ বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
তিনি বলেন, এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পায়ে গুলির চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে দিদারুল নামে এক ব্যক্তির নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

