বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান, পটিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও নগরের সদরঘাট এলাকায়।

প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা উৎপাদন কাজে নিয়োজিত থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের তাপে দগ্ধ হন তাঁরা। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।”

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও