ডবলমুরিং থানার একটি গ্যারেজে নাইট গার্ড আবু সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ।
তিনি জানান, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে সংঘবদ্ধভাবে কয়েকজন ব্যক্তি গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রিকশার চাকার লোহার রিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ গুমের উদ্দেশ্যে সেটিকে একটি মিনি পিকআপে তুলে রেখে আসামিরা পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে শেখ আহমেদ রুবেল (৩৫), সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), জামাল উদ্দিন মিজান (৪৫), গোলাম রব্বানী (৫৫), আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)-কে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

