গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানান, নিহতদের বেশিরভাগই রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় এলাকার বাসিন্দা।
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় রাজ্য লা গুয়াইরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
শুক্রবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া ৩৪ কোটি ৬০ লাখ (৩৪৬ মিলিয়ন) ডলার তহবিল ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সরকারি তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেলসি রদ্রিগেজ বলেন, আহতদের অধিকাংশই চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, ভয়াবহ এই দুর্যোগে প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব ক্যাম্পের অনেকগুলোতেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

