মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিয়েছেন। চুক্তিটি কার্যকর হলে রিয়াদ বেসামরিক পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথে এগোবে বলে জানা গেছে।
বুধবার (২২ জুলাই) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সূত্রগুলো জানায়, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও বুধবারই এটি জনসমক্ষে প্রকাশ করা হতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের পরমাণু কর্মসূচির উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো সরাসরি অংশ নেবে। যৌথ সমীক্ষার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাও নির্মাণ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরমাণু শিল্পে বিলিয়ন ডলারের নতুন বাজার তৈরি হতে পারে। তবে চূড়ান্ত কার্যকরের আগে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে।
সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সদস্য রাষ্ট্র। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা এর আগেও হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন—উভয় প্রশাসনই রিয়াদের সঙ্গে এ ধরনের চুক্তির উদ্যোগ নিয়েছিল।
গত বছর ট্রাম্পের সৌদি সফরের আগে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট রিয়াদ সফর করে সৌদি কর্মকর্তাদের সঙ্গে দেশটিতে বাণিজ্যিক পারমাণবিক শক্তি শিল্পের বিকাশ নিয়ে আলোচনা করেন।

