বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসের নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

- Advertisement -

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, “বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।”

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, যদি তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সীমান্তে বহির্বিচার বা ‘এক্সট্রা কিলিং’ শূন্যের কোটায় রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, সেই মামলা প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও