দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির দুঃসাহস করলে আর পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, খুনি ও জুলুমবাজদের বিচার নিশ্চিত না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থানের ঝুঁকি থেকেই যাবে। বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি ফ্যাসিবাদের পতনের পর আরেকটি ফ্যাসিবাদের উত্থান হোক—তা কেউ চায় না। এজন্য গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সে পথে এগোচ্ছে না। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে বলেন, “আমরা চাই, যারা এতদিন মজলুম ছিল, তারা যেন জালিমে পরিণত না হয়।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসন মেনে নেয় না। ভবিষ্যতে কেউ দেশকে আবার ফ্যাসিবাদের পথে নিতে চাইলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, একটি মহল জুলাইয়ের চেতনা মুছে ফেলার চেষ্টা করছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও হল-ব্যবসার অভিযোগ তুলে তিনি বলেন, এসবের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে প্রতিরোধও গড়ে তোলা হবে।

