চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম প্রকাশ সিলেটি জসিম’কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকা থেকে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার মামলা নং-০১(০৩)০৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ এর মামলায় আসামি জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়।রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি ময়মনসিংহের ভালুকা মডেল থানা এলাকায় আত্মগোপন করে আছেন।
এ তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে র্যাবের যৌথ দল ভালুকা মডেল থানাধীন গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বছর বয়সী জসিমকে গ্রেফতার করে। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার বাসিন্দা সরাফত আলীর ছেলে।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

