নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ সব ধরনের অপরাধ দমনে থানা ও মহানগর গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে কমিশনার বলেন, জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনের দায়িত্ব পালন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) যাওয়া পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। পাশাপাশি জুন ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

