শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন তারেক রহমান, সফর হতে পারে ৯ দিনের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। এরপর তার সানফ্রান্সিসকো সফরেরও সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের মূল পর্বের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে এর আগে জানিয়েছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার রয়টার্সকে তিনি বলেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও