শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন সামরিক অবস্থানে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। রোববার দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

- Advertisement -

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ইরানের বিভিন্ন বার্তা সংস্থা আইআরজিসির দেওয়া বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এ অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় মার্কিন পক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করে কোনো সমাধান হবে না। প্রতিটি হামলার জবাবে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময় পর ইরানে এটি ছিল মার্কিন বাহিনীর প্রথম এ ধরনের হামলা।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে হামলা চালানো হয়। মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় বলে ওই কর্মকর্তা জানান।

এ হামলায় সামরিক ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে দাবি করে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বর্তমানে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও