চট্টগ্রাম নগরের খুলশীতে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পরিবারের সহযোগিতায় বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বগা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি বগা। তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় খুলশী থানার ওসির সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
হামলায় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানকালে ওয়্যারলেস কলোনিতে বগার নিজ বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গপথ দিয়ে আগেই পালিয়ে যান বগা। এ সময় মোবাইল ফোনে ভিডিও কল করে পুলিশকে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষককে মারধরের মামলার পাশাপাশি বগার বিরুদ্ধে অস্ত্র মামলারওয়ারেন্ট রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই তার গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছিল। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

