শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কিয়েভে রুশ ড্রোন হামলা, ‘উপযুক্ত জবাবের’ ঘোষণা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, হামলায় এসবিইউর কেন্দ্রীয় ভবনের একটি গুরুত্বপূর্ণ কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে মধ্য কিয়েভে এ হামলা হয়। হামলার পর রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, একটি রুশ ড্রোন ভলোদিমিরস্কা স্ট্রিটে অবস্থিত এসবিইউর কেন্দ্রীয় ভবনে আঘাত হানে। ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বিপরীতে এবং গোল্ডেন গেট এলাকার কাছে অবস্থিত। হামলায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

জেলেনস্কি জানান, তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান ওলেক্সান্ডার পোকলাদের সঙ্গে কথা বলেছেন। তার দাবি, ড্রোনটি এসবিইউর নিরাপত্তা প্রধানের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার উপযুক্ত জবাব দিতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে টানা আট দিন ধরে কিয়েভে রুশ হামলা চলছে বলে জানিয়েছে ইউক্রেন। এসব হামলায় শহরের কেন্দ্রের একাধিক ভবনের পাশাপাশি শহরতলির গুদাম ও কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে কোকা-কোলা উৎপাদনকারী একটি কারখানাও রয়েছে।

ইউক্রেনের দাবি, গত মাসে শুরু হওয়া প্রায় অবিরাম রুশ হামলায় কিয়েভ শহর ও বৃহত্তর কিয়েভ অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এসবিইউ সদর দপ্তরে হামলা ইউক্রেনের রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। একই সময়ে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকটের মুখে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও