গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদলের আন্দোলন ও সমালোচনার অধিকারকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুধু রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় গঠনমূলক ও বিকল্প পরিকল্পনা বা প্রস্তাব দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণেই দেশে জ্বালানি আমদানিতে সাময়িক সংকট তৈরি হয়েছে। এতে সরকারের প্রত্যক্ষ কোনো হাত নেই। এই বৈশ্বিক অচলাবস্থার কারণে বিদ্যুৎকেন্দ্র ও কলকারখানায় উৎপাদনে প্রভাব পড়ছে। তাই একটি কৃত্রিম বা পরিকল্পিত অচলাবস্থা না তৈরি করে সংকট উত্তরণে বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরা প্রয়োজন।
সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নৃত্যকলা ও সঙ্গীত সমাজ থেকে সহিংসতা, হিংসা ও অন্ধকার দূর করে সত্য-সুন্দর প্রতিষ্ঠা করে। এটি আন্দোলনেও অনুপ্রেরণা যোগায়। তবে সংস্কৃতির ভালো দিকগুলোকে ধারণ করার পাশাপাশি অতীতের অমানবিক ও বৈষম্যমূলক প্রথাগুলো পরিহার করে নারীশিক্ষা ও ক্ষমতার বার্তা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

