শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় জোটের লংমার্চ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে।

- Advertisement -

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ সমাবেশ শুরু হয়। এতে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন।

সকাল ৭টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য শেষে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে বিভিন্ন স্থানে পথসভা, সংবর্ধনা ও অভিবাদন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।

জামায়াতে ইসলামীর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের বিষয়ে গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের নেতারা। তাদের দাবি, সরকার জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন জোটের নেতারা।

প্রশাসনের দলীয়করণ ও অব্যবস্থাপনার কারণেও রাষ্ট্রীয় প্রশাসন দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়।

জোটের নেতারা বলেন, সংসদে জনগণের এসব সমস্যা সমাধানের দাবি বারবার জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। সংসদে সোচ্চার ভূমিকা রাখার পরও সমস্যার সমাধান না হওয়ায় তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।

লংমার্চে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা নেতৃত্ব দিচ্ছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও