শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ না থাকলেও বিল দিতে হচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছে না, অথচ গ্যাস-বিদ্যুৎ না থাকলেও বিল দিতে হচ্ছে। তেল ও অন্যান্য জ্বালানি পেতেও মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এখন গ্যাস নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের বিল আছে, গ্যাস না দিলেও গ্যাসের বিল আছে। তেল ও জ্বালানি পাওয়া যাচ্ছে না।

জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়ও এর প্রভাব পড়ছে। সরকারকে জনগণের এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, এসব কারণে দেশের মানুষের কষ্ট আরও বাড়ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে এবং জনগণের টাকা এভাবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, বিরোধী দল বসে বসে আঙুল চুষবে, এটা হবে না। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, এই লংমার্চ শুধু কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং জনগণের প্রয়োজন ও দাবির ভিত্তিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে এই কর্মসূচিতে।

উল্লেখ্য, এদিন সকাল ৭টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা শেষে রাত সোয়া আটটায় লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছে। সমাপনী সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও