শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সম্পত্তি দানের পরও দাতার ভোগাধিকার, সংশোধনী বিল পাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগের অধিকার রাখতে পারবেন—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস করেছে জাতীয় সংসদ।

- Advertisement -

রোববার বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়। এ সময় অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিলটির বিরোধিতা করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তারা দাবি করেন, প্রস্তাবিত বিধান কুরআন-সুন্নাহ ও শরিয়তের সঙ্গে ‘সাংঘর্ষিক’। বিলটি এ অধিবেশনে পাস না করে ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও দাবি জানান তারা।

তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নতুন এ পদ্ধতি মুসলিম আইনের হেবা নয়। হেবা বা অন্য কোনো আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিতেও এর কোনো বাধা তৈরি হবে না।

আইনমন্ত্রী বিলটি বিবেচনার জন্য উত্থাপন করলে এর ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে উভয় প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের বিভিন্ন দফায় আনা সংশোধনী প্রস্তাবও নাকচ হওয়ার পর আইনমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও