জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন ড. খলিলুর রহমান।
শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে তিনি বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন অধিবেশনে এসব বিষয়ে কাজের সুনির্দিষ্ট রূপরেখা ও তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই উদ্বোধনী বৈঠকের মধ্য দিয়েই সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

