চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড়ি মহিষের গুঁতোয় আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশের একটি লেবুর বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল মাবুদ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদারপাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তিনি লেবুর বাগানে কাজ করার পাশাপাশি পাহাড়ে চাষাবাদ করতেন। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরতেন আবদুল মাবুদ। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ডুমুরিয়া খালের পাশের লেবুর বাগানে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, ‘আমার মামা প্রতিদিন লেবুর বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গিয়ে বাগানের মধ্যে মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, কড়লডেঙ্গা পাহাড়ে বেশ কিছু মহিষ পালন করা হয়। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

