কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ছেলে ১৩ বছর বয়সী কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ‘রামিসা হত্যার’ মতোই দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারিক প্রক্রিয়া আদালত সম্পন্ন করলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।
হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, নিহত অপ্রতিমের সঙ্গে থাকা যে আইফোনটিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, সেটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকেই মোবাইলটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
গত শুক্রবার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুলছাত্র অপ্রতিম। পরদিন শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে।
এদিকে চোখের জল আর শোকের মধ্য দিয়ে আজ রোববার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এতে শোকস্তব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। পরে সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

