মিল্কভিটার পর এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে। কোম্পানিভেদে প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে বর্তমানে খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আধা লিটারের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আড়ং, প্রাণ, ফার্মফ্রেশ ও আকিজ ডেইরিসহ কয়েকটি বেসরকারি কোম্পানি মূল্য সমন্বয়ের পর নতুন দামে তরল দুধ বিক্রি করছে। এসব কোম্পানির এক লিটার দুধের দাম বর্তমানে ১১০ থেকে ১১৫ টাকা এবং আধা লিটারের প্যাকেটের দাম ৫৫ টাকা।
এর আগে গত আগস্টের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়। এতে খুচরা বাজারে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম দাঁড়ায় ১১০ টাকা। একই সময়ে ৫০০ মিলিলিটার স্ট্যান্ডার্ড দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং টোন্ড মিল্কের দাম বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।
মিল্কভিটার দাম বাড়ানোর প্রায় দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম সমন্বয় করল।
তরল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিংসামগ্রী, গোখাদ্য এবং গ্যাস-বিদ্যুতের খরচ বেড়ে যাওয়ায় দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে। এ কারণে দুধের দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে মিল্কভিটা দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের আগের তুলনায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেশি খরচ হচ্ছে।
এদিকে তরল দুধের পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় আরও কয়েকটি পণ্যের দামও বাড়ছে। চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির কেজি প্রায় ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

