শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ের সামনে জড়ো ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই করছে পুলিশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করছে পুলিশ। তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এবং কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের এসব তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

ডিসি হারুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, জড়ো হওয়া ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য রয়েছে, সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এর বাইরে তারা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ে ব্যস্ত থাকায় সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি।

ডিসি হারুন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

সাংবাদিক বা অন্য কোনো পেশার কেউ সেখানে আটক হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ ছিলেন কি না, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার জন্য তাদের কোনো অনুমতি ছিল কি না জানতে চাইলে ডিসি হারুন বলেন, বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে।

তিনি জানান, ঘটনাটি পল্টন থানার আওতাধীন। তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে আটকদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও