চট্টগ্রামের উত্তর বুড়িশ্চর খালেকের হাটের পশ্চিম পাশে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বুড়িশ্চর সমাজ কল্যাণ যুব সংঘের ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে কোরআন খতম ও খতমে গাউছিয়া শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর শৈশব জীবন, শিশুদের নবীজির শিক্ষায় শিক্ষিত করার গুরুত্ব, বড়-ছোটদের মধ্যে আদব ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, নামাজের গুরুত্ব এবং শরিয়তসম্মতভাবে ওরশ পালনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পীরে তরিকত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)।
এছাড়া মুফতি আহলে সুন্নাত আলহাজ্ব সৈয়দ মাওলানা সাইফুল ইসলাম বারী (মা.জি.আ.), বিশেষ বক্তা হযরতুলহাজ্ব মাওলানা আবদুচ ছাত্তার হুসাইনী (মা.জি.আ.)সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
মাহফিলে সভাপতিত্ব করেন লায়ন্স মুহাম্মদ আব্দুল মান্নান (এমজেএফ)। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, কোরআন-হাদিসের শিক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

