রবিবার, ৪ অক্টোবর ২০২৬

জ্বালানির দাম, মূল্যস্ফীতি ও ডলার-চাপে ক্রয়ক্ষমতা কমছে: আমির খসরু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন ‘নতুন স্বাভাবিক অবস্থা’ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অর্থনীতিবিষয়ক জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় ও বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের মধ্যে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি। নীতি প্রণয়নে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিয়ত এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তাই নীতি নির্ধারণে তথ্যের যথাযথ ব্যবহার ও বাস্তবভিত্তিক বিশ্লেষণের গুরুত্ব রয়েছে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

তিনি বলেন, জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

শিক্ষার্থীদের উদ্দেশে আমির খসরু বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষায় পাসের বিষয় নয়; এটি অনুধাবন করে দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করতে হবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত ‘ইকনথন ২০২৬’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল নিবন্ধন করে।

অনুষ্ঠানে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া। সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও