বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন সিএমপি কমিশনার। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে ‘পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন কমিশনার। এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন শেষে অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান তিনি।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও