বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাহিনীর ভেতরে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিহ্নিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য বাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর নজরদারির মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি বা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিভিন্ন সময়ে নভেম্বর, ডিসেম্বর ও ১৬ ডিসেম্বরের কথা বলা হলেও সরকার এসব ঘোষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, প্রকৃত শ্রমিকদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে সরকার মনে করে। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং মজুরি বোর্ডের সদস্যরা এতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। দলটির প্রত্যাবর্তন বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিয়ে সরকারের অবস্থানে পরিবর্তন নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। ভারত বিষয়টি আইনানুগভাবে পর্যালোচনার কথা জানিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের ওপারে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের কেউ কেউ বিভিন্ন সীমান্ত এলাকায় চলাফেরা করছেন এবং দেশে থাকা নেতাদের নির্দেশনা দিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির ঘোষণার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে বিভিন্ন অপচেষ্টা মোকাবিলা করেছে। এতে প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও কোনো উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের বিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে ব্যক্তি, দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সর্বশেষ

Link Factory verification

এই বিভাগের আরও