প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছেন কি না, সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমের খবরের ওপর নির্ভর না করে ঢাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনক্লেভের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশ থেকেই নিতে হবে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সাংবাদিকরা প্রথমেই তা জানতে পারবেন।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কি না—এ প্রশ্নে প্রতিমন্ত্রী হাসতে হাসতে বিষয়টি এড়িয়ে যান। পরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ উঠলে তিনি ঢাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
দিল্লির সঙ্গে সংলাপ চলছে
বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ অব্যাহত রয়েছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও সেগুলো সমাধানে বাংলাদেশ ইতিবাচকভাবে এগিয়ে যেতে চায়।
তিনি বলেন, সংলাপ ও যোগাযোগ যখন রয়েছে, তখন আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। এতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শীর্ষ পর্যায়ের সংলাপ তখনই হবে, যখন সফর হবে। তার আগে কর্মকর্তা পর্যায়ের আলোচনার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
গঙ্গা চুক্তি নিয়ে যা বললেন
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সংলাপ করতে হবে। দিনক্ষণ নির্ধারণ করে এ ধরনের আলোচনা করা সম্ভব নয়।
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ থাকবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের জন্য যেটি ভালো, সেটিই করা হবে। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় কপ৩১-এ যোগ দেওয়ারও উচ্চ সম্ভাবনা রয়েছে।

