জনগণের নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্পষ্টতই জনগণের সরকার। বর্তমান সরকার দেশে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না।”
সম্প্রতি পুলিশের ভ্যান থেকে এক শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তুলে রিজভী বলেন, “কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনায় যারা জড়িত বা যাদের গাফিলতি রয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।”
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজনন ঠেকানো সম্ভব। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের ফি দিতে হতো উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে বর্তমান সরকার ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা গ্রহণ করেছে।

