রাঙ্গামাটির অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাজেক ভ্যালি’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত সকল পর্যটককে আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
এর আগে স্থানীয় ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র উদ্যোগে রোববার সকাল ৬টা থেকে বাঘাইছড়ির সাজেক রুটে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে সাজেকমুখী সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পর্যটকরা ভোগান্তিতে পড়েন।
দিনভর যান চলাচল ব্যাহত হওয়ার পর রোববার সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারী সংগঠন দুটি তাদের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
তবে সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে জেলা প্রশাসন পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্র পুনর্নবীকরণের বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

